১৬ মার্চ ২০২৬ , ৩০ ফাল্গুন ১৪৩২ 

শিল্প ও সাহিত্য

লেখমালা যুগপূর্তি পুরস্কার ও সম্মাননা ঘোষণা

বাংলা ওয়াচ ডেস্ক

প্রকাশিত: ২০:২৪, ১৫ মার্চ ২০২৬

লেখমালা যুগপূর্তি পুরস্কার ও সম্মাননা ঘোষণা

কবি মামুন মুস্তাফা সম্পাদিত মন ও মননের ছোটকাগজ লেখমালা ২০২৬-এর জানুয়ারিতে বারো বছর পূর্ণ করল। সেই ধারাবাহিকতায় আসন্ন ঈদুল ফিতরের পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লেখমালা যুগপূর্তি উৎসব’। এই উৎসবকে ঘিরে লেখমালা ঘোষণা করেছে ‘লেখমালা যুগপূর্তি পুরস্কার ও সম্মাননা ২০২৬ ’। 

সাহিত্যে ‘লেখমালা যুগপূর্তি পুরস্কার ২০২৬’ পেয়েছেন বাংলাদেশের কথাসাহিত্যে ভিন্নমাত্রিক স্বতন্ত্র স্বর কথাসাহিত্যিক সৈয়দ রিয়াজুর রশীদ এবং ছোটকাগজে বাংলাদেশের লিটল ম্যাগাজিন আন্দোলনের পুরোধা সহযাত্রী নিসর্গ-এর সম্পাদক সরকার আশরাফ। 

এ ছাড়া লেখমালা সম্মাননা ২০২৬ প্রদান করা হয়েছে অপেক্ষাকৃত তরুণ তিন কবি, গল্পকার ও গবেষককে। কবিতায় লেখমালা সম্মাননা পেয়েছেন শূন্য দশকের নিভৃতচারী উজ্জ্বল কবি মামুন রশীদ, কথাসাহিত্যে আটপৌরে ও ঘরোয়া গদ্যভাষার স্বকীয় কথাকার শ্রাবণী প্রামাণিক এবং প্রবন্ধ/গবেষণায় সাম্প্রতিক সময়ের মুক্তিযুদ্ধ ও লোকসাহিত্য লেখক বঙ্গ রাখাল। আর লেখমালা প্রবর্তিত শিক্ষা ক্ষেত্রে গোলাম রসূল স্মৃতিপদক অর্জন করেছেন শিক্ষাবিদ অধ্যাপক এবিএম মোশাররফ হুসাইন। 

উল্লেখ্য, লেখমালা বিগত সময়ে আরও তিনবার সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে দেশের বরেণ্য গুণীজনকে লেখমালা সম্মাননা প্রদান করেছে। আগামী ঈদের পরেই সুবিধাজনক সময়ে ‘লেখমালা যুগপূর্তি পুরস্কার ও সম্মাননা ২০২৬’ গুণীজনদের হাতে তুলে দেওয়া হবে।