ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) নির্বাহী প্রকৌশলী মনজুরুল আলম শরীফ এবার ঢাকায় গুরুত্বপূর্ণ পদে পদায়ন পেয়েছেন। তাঁকে অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী হিসেবে পদায়ন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীপু মনি শিক্ষামন্ত্রী থাকাকালে ২০২৩ সালের ৪ সেপ্টেম্বর মনজুরুল আলম শরীফকে তাঁর নিজ জেলা চাঁদপুরে নির্বাহী প্রকৌশলী হিসেবে পদায়ন করা হয়। দীপু মনি ও ইইডির তৎকালীন তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাশেম সরদারের ঘনিষ্ঠ ও আস্থাভাজন হওয়ায় তিনি ওই পদায়ন পান। পরবর্তী সময়ে মহিবুল হাসান চৌধুরী নওফেল শিক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর শরীফকে বদলির উদ্যোগ নেওয়া হলেও দীপু মনির অনুরোধে তা কার্যকর করা যায়নি বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
সূত্র আরও জানায়, ক্ষমতার পটপরিবর্তনের পর মনজুরুল আলম শরীফ নিজেকে জাতীয়তাবাদী হিসেবে পরিচয় দিতে শুরু করেন বলে অভিযোগ রয়েছে। সূত্রের দাবি, চাঁদপুরের এক বিএনপি নেতার মাধ্যমে গত ২৬ জুলাই তিনি ঢাকা মেট্রো কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী পদে পদায়ন পান।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ঢাকা মেট্রো কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মনজুরুল আলম শরীফকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
ইইডি সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ভৌত অবকাঠামো উন্নয়ন, নতুন ভবন নির্মাণ, বিদ্যমান ভবনের সম্প্রসারণ ও রক্ষণাবেক্ষণ, মেরামত, সংস্কার এবং আসবাব সরবরাহ করে। এ ছাড়া মাল্টিমিডিয়া ক্লাসরুম ও আইসিটি ল্যাব স্থাপন, ইন্টারনেট সংযোগ, আইসিটি সুবিধা দেওয়ার কাজও করে থাকে অধিদপ্তরটি।
ইইডির একাধিক কর্মকর্তা প্রশ্ন তুলেছেন, ছাত্রলীগের সাবেক নেতা ও মাদারীপুরের বাসিন্দা মনজুরুল আলম শরীফ কীভাবে বিএনপি সরকারের আমলে অধিদপ্তরের গুরুত্বপূর্ণ ঢাকা মেট্রো কার্যালয়ে পদায়ন পেলেন। তাঁদের দাবি, তাঁর পদায়নের পেছনে কী বিবেচনা কাজ করেছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।
সার্বিক বিষয়ে দৃস্টি আকর্ষন করা হলে ইইডির প্রধান প্রকৌশলী মো. তারেক আনোয়ার জাহেদী জানান, এ বিষয়ে অবশ্যই খোজ খবর নিয়ে মন্ত্রণালয়কে অবগত করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
(প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আসছে- বিভাগীয় মামলা থেকে যেভাবে রেহাই পেলেন শরীফ)



