১৪ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ 

শিক্ষা

ডক্টর মালিকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অব্যাহতির নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশিত: ১৭:২০, ১৩ নভেম্বর ২০২৬

ডক্টর মালিকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অব্যাহতির নির্দেশ 

নিয়মবহির্ভূতভাবে দায়িত্ব পালনের অভিযোগে রাজধানীর ডক্টর মালিকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সিরাজুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে কলেজের অধ্যক্ষ নিয়োগের জন্য প্রচলিত বিধি ও পরিপত্র অনুসরণ করে প্রয়োজনীয় নিতে ব্যবস্থা বলা হয়েছে। 

সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি কলেজের গভর্নিং বডির সভাপতির কাছে পাঠানো হয়েছে। 

চিঠিতে বলা হয়েছে, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম এক বছরের বেশি সময় ধরে বিধিবহির্ভূতভাবে দায়িত্ব পালন করছেন। এ অবস্থায় তাঁকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জারি করা পরিপত্র এবং ২০১৯ সালের অধিভুক্ত বেসরকারি কলেজের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধির বিধান অনুসরণ করে অধ্যক্ষ নিয়োগ দিতে হবে। 
 
আরও বলা হয়েছে, মো. সিরাজুল ইসলাম ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকালে কোনো ধরনের আর্থিক লেনদেনসহ প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকবেন।