কানিজ পারিজাত একাধারে কবি ও গল্পকার। সাম্প্রতিক সময়ে যে-কজন কথাকার দেশের সাহিত্যে-বিশেষত ছোটোগল্পের ভুবনে প্রতিশ্রুতির স্বাক্ষর রেখে চলেছেন, কানিজ পারিজাত তাদের মধ্যে অন্যতম। বাজারের মাছ কাটার কারিগর থেকে ধনাঢ্য ব্যবসায়ী, চাতুর্যের বেসাতির নিপুন সওদাগর কিংবা মুনাফালোভী স্বাস্থ্যসেবী- যেকোনো চরিত্র তার কলমের নিপুণ আঁচড়ে চিত্রায়িত হয় অনন্য বিস্ময়ের মাত্রায়। সরল কিংবা কুটিল যেকোনো মানুষের মনের অন্দরমহলে ডুব দিয়ে তিনি নিংড়ে আনতে পারেন তাদের ভেতরের পবিত্রতা কিংবা ক্লেদাক্ততার নানা অনুষঙ্গ।
ছোটবেলা থেকেই সাংস্কৃতিক পরিমন্ডলে বেড়ে ওঠা কানিজ পারিজাত- কবিতা আবৃত্তি ও একক অভিনয়ে নিয়মিত অংশগ্রহণ করেছেন। বহুবার সাংস্কৃতিক প্রতিযোগিতায় অভিনয় ও আবৃত্তিতে পুরস্কৃত হয়েছেন।
খুলনা বিশ্ববিদ্যালয় থেকে এনভায়রনমেন্টাল সায়েন্সে সম্মানসহ স্নাতক এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পীস এন্ড কনফ্লিক্ট স্টাডিজ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ওয়াটার রিসোর্স এন্ড ফ্লাড ম্যানেজমেন্টে এমএ সম্পন্ন করেন।
প্রায় দুই যুগের বেশি লেখালেখির ভুবনে অবস্থান করা কানিজ পারিজাতের প্রকাশিত বইয়ের সংখ্যা সাতটি। এর মধ্যে গল্পগ্রন্থ- ৫টি। যথাক্রমেÑমেঘের চিত্রকর, জলশিহরন, সুলতানা বিবিয়ানা, বরফপানি ও অন্যান্য গল্প এবং কালো কাচের আড়াল। এছাড়া কবিতাগ্রন্থগুলো যথাক্রমে- শেষ চুমুকের আগে এবং কেউ কেউ থেকে যায়।
লেখালেখির জন্য কানিজ পারিজাত- সোনার বাংলা সাহিত্য পরিষদ পুরস্কার, সাহিত্য দিগন্ত পুরস্কার, জিগীষা সাহিত্য পুরস্কার, শেরপুর সাহিত্য পরিষদ সম্মাননা, সিইউকেপি পুরস্কারে ভূষিত হয়েছেন।



